প্রটোকল মানা হচ্ছে না অ্যান্টিবায়োটিক ব্যবহারে

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬


যত্রতত্র ব্যবহারে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক-ই হয়ে উঠেছে এখন প্রাণঘাতী। ওষুধ বিক্রেতারা সরকারের কোনো প্রটোকল না মেনে ওষুধ বিক্রি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন ব্যাকটিরিয়াজনিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সাম্প্রতিক এক গবেষণায়  এমন তথ্য উঠে এসেছে।

যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারে  ব্যাকটেরিয়া রীতিমতো ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে বলে আইসিডিডিআরবির এক গবেষণায় ওঠে এসেছে। প্রাপ্ত তথ্যমতে, বেশিরভাগ ক্ষেত্রে ভুয়া চিকিত্সকরা দেদারসে রোগীকে ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। আবার ওষুধের দোকানে যে লোক ওষুধ বিক্রি করছে, তাদেরও সিংহভাগে ফার্মাসিস্ট নয়। রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রাম অঞ্চলের বেশিরভাগ ওষুধের দোকানে কোন  ফার্মাসিস্ট নেই। ওইসব দোকানে সর্দি জ্বর কাশি সাধারণ ব্যথা নিয়ে গেলে রোগীকে একাধিক ধরনের অ্যান্টিবায়োটিকসহ নানা ধরনের ওষুধ দেওয়া হয়। এতে রোগী সাময়িক ভালো হলেও দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় বেশি। পরবর্তীতে অ্যান্টিবায়োটিক ওষুধ আর কাজ করে না।

বিশেষজ্ঞদের মতে,  চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত  অ্যান্টিবায়োটিক ব্যবহার বিক্রির ক্ষেত্রে কঠোর মনিটরিং শাস্তি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত  অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার বিষয়টি নিশ্চিত করতে পারলে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ওদিকে প্রাপ্ত তথ্যমতে, হাসপাতালের আইসিইউতে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর মৃত্যু।  হাসপাতালে ভর্তির সময় অনেক রোগী ব্যাকটেরিয়া মুক্ত থাকলেও তাদের অর্ধেকেরও বেশি আইসিইউতে চিকিৎসাধীনকালে  ব্যাকটেরিয়া আক্রান্ত সংক্রামিত হয়েছেন।

আইসিইউতে রোগীর স্বজনদের আনাগোনা পরিষ্কার-পরিচ্ছন্নতা ঠিকমতো না করায় রোগী সংক্রামিত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, সাধারণত চিকিৎসকের অনুমতি নিয়ে ও স্বাস্থ্য প্রটোকল মেনে আইসিইউতে প্রবেশ করতে হয়। কিন্তু নিয়ম না মেনে সহজেই আইসিইউতে ঢুকে পড়েন রোগীর লোকজন। বিশেষ করে এক শ্রেণীর শিক্ষিত ক্ষমতাধর ব্যক্তিরা কোনো ধরনের প্রটোকল না মেনে যখন তখন আইসিইউতে প্রবেশ করেন। এসব কারণে আইসিইউতে চিকিৎসাধীন অনেক রোগী পরবর্তীতে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়েছেন। আইসিইউর ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার ওপর মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসপাতালে নিয়ম মেনে দর্শনার্থীকে অবস্থান করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

বিডি২৪অনলাইন/ এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর