লন্ডনে চিকিৎসাকালে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি পত্রিকায় দেখলেও এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই ।
রোববার (২৬ জুলাই) ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ইন্টারনেটের যুগে কথা বলতে চাইলে লন্ডনে যেতে হয় না। এখান থেকেই কথা বলা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কী তথ্যপ্রমাণের ভিত্তিতে কোনো পত্রিকা এমন একটি সংবাদ দিল, সেটা সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করা প্রয়োজন। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড; তার (ইমিউনিটি) দায়মুক্তি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না।
তিনি জানান, বিরোধীপক্ষকে জিজ্ঞেস করেন- কেন রাষ্ট্রপতির গ্রেপ্তার চান তারা। এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা গালি দিচ্ছেন, সেই অধিকার তাদের আছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে