মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জাতীয় সংসদকে জানিয়েছেন- গেজেটভুক্ত ১৪ হাজার ৩৬৯ জন জুলাই যোদ্ধার মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত ১৫২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মন্ত্রী জানান, এ পর্যন্ত ১৫২ জন জুলাই যোদ্ধাকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৫০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। আহত যোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে।
জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসনের লক্ষ্যে ৩ হাজার ২৪১ জন আগ্রহীর তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মাসিক সম্মানি ভাতা প্রাপ্ত জুলাই যোদ্ধাদের মধ্যে 'ক' শ্রেণির যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, 'খ' শ্রেণির যোদ্ধারা ১৫ হাজার টাকা এবং 'গ' শ্রেণির যোদ্ধারা ১০ হাজার টাকা হারে পাচ্ছেন। অবশিষ্টদের ভাতা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে