দেশে এখন কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাবসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি হচ্ছে। এসব খাদ্যপণ্যের পুষ্টিমান তুলনামূলকভাবে বেশি। ফুড ভ্যালু হাই, আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা বাড়ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় ফল মেলার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মন্ত্রী জানান, কাঁঠালভিত্তিক পণ্য উৎপাদন ও প্রযুক্তি নিয়ে বিশ্বের কয়েকটি দেশ ইতোমধ্যে বাংলাদেশ থেকে তথ্য ও সহযোগিতা চেয়েছে। এসব দেশ কাঁঠাল দিয়ে নতুন ধরনের খাদ্যপণ্য তৈরিতে আগ্রহ দেখাচ্ছে। দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন। এটা কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।
ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান,চলতি বছরে কাঁঠাল রপ্তানি আরও বৃদ্ধি পাবে। এছাড়া চীনের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী দিনে বাংলাদেশ ফল রপ্তানিতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে