জনসচেতনতা বাড়ানো হচ্ছে, অভিযান চালানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৬

দেশে মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, চুরি, ছিনতাই রাহাজানি থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে।  সেই সঙ্গে সচেতনতামূলক নিয়মিত কাউন্সেলিং, বিশেষ অভিযান এবং মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী সংসদকে আরও জানান, মাদক ব্যবসায়ী মাদকসেবীদের নিয়মিত গ্রেপ্তার করা হচ্ছে।  তাদের বিরুদ্ধে মামলা সামারি ট্রায়ালের মাধ্যমে শাস্তির ব্যবস্থা অব্যাহত রয়েছে।

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কিশোর গ্যাং যাতে সক্রিয় হতে না পারে, সে লক্ষ্যে অনলাইন নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষক এবং সমাজের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে মাদক কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মাদক কারবারিদের শনাক্ত এবং কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর