দেশের
৭৫টি কারাগারে বর্তমানে ধারণক্ষমতার ১.৭ গুণ
বন্দি আটক রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি
আটক থাকায় কিছু কিছু কারাগারে বন্দিদের আবাসন সমস্যা বিরাজ করছে। বুধবার (১৭ জুন) ত্রয়োদশ
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে টেবিলে উত্থাপিত
তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান
মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতা সবমিলিয়ে ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ ৪৩ হাজার ১০৭ এবং মহিলা ২ হাজার ২৯ জন। এর বিপরীতে বর্তমানে এসব কারাগারে সব মিলে ৭৬ হাজার ১১৩ জন বন্দি আটক রয়েছে। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ এবং মহিলা ২ হাজার ৭৭ জন।
মন্ত্রী সংসদকে জানান, বন্দিদের আবাসন সমস্যা সমাধানে ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২, পিরোজপুর জেলা কারাগার-২ শীঘ্রই চালু করা হবে। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। এ ৪ কারাগারের নির্মাণ/পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরো ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে।
মন্ত্রী জানান- রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে