দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই নতুন সরকার দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেছেন, এ ভিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে তোলা।
মঙ্গলবার ঢাকায় একটি হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন। শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য ৪টি মূল স্তম্ভ এবং ১টি নতুন উপাদানের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো, স্ট্রিমসমূহের এলাইমেন্ট (সমন্বয়), প্রযুক্তির সংযোজন (এআই ও ফিউচার জবস) এর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশে ২৭টিরও বেশি ধরনের শিক্ষা ধারা বিদ্যমান। মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমমানের সুযোগ পায়, সে জন্য এসব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে