ফাইল ছবি
কারাবন্দী মায়েদের সঙ্গে বর্তমানে কত শিশু রয়েছে, তাদের বয়স ও সার্বিক অবস্থার বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য কারা মহাপরিদর্শককে দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, সমাজকল্যাণসচিব, কারা মহাপরিদর্শকসহ পাঁচ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন। আইনজীবী কামরুন নাহার মাহমুদ সাংবাদিকদের জানান, কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও সুষ্ঠু বিকাশের পরিবেশ নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটা জানতে চাওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল পর্যন্ত দেশের ৭৪টি কারাগারে মায়েদের সঙ্গে ২৯৯ শিশু অবস্থান করছে। এসব শিশুর মায়েদের অধিকাংশই মাদক মামলার আসামি। কেউ সাজাপ্রাপ্ত, আবার কারও মামলা বিচারাধীন রয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে