বাজেট যে উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হবে, সংশ্লিষ্ট বিভাগগুলোকে সততার সঙ্গে প্রয়োজন অনুযায়ী ঠিক ততটুকুই ব্যয় করতে হবে। খুব বড় বাজেট প্রণয়ন করা হলেও কোনো কারণে ২০ বা ৩০ শতাংশ অর্থ লোপাট হয়ে গেলে সেই বাজেটের কোনো লাভ নেই। জাতীয় বাজেটের আকার বাড়ানোর চেয়ে সরকারি অর্থের অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (১১ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ।‘জুন ক্লোজিং’এর নামে দ্রুত সময়ের মধ্যে অর্থ ব্যয়ের প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, বাজেট ক্লোজিং হয় জুন মাসের ৩০শে জুনের পর। অর্থাৎ যে প্রয়োজনীয় টাকা খরচ হবে, সেই টাকাটি খরচ হবে ৩০ জুনের মধ্যে, না হলে এ বাজেটটা ল্যাপস হয়ে যাবে।
রাষ্ট্রীয় অর্থের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এটি জনগণের কষ্টার্জিত অর্থ, ঘামের টাকা। প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে দেশের জন্য, মানুষের জন্য এবং জনকল্যাণের জন্য।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে