দেশের জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার। জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এ বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ জেলা পরিষদগুলো তাদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করতে পারবে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
জেলার প্রয়োজন ও উন্নয়ন চাহিদা বিবেচনায় বিভিন্ন জেলা পরিষদের জন্য আলাদা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ জেলা পরিষদকে ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা এবং কিছু জেলা পরিষদকে ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দ পাওয়া জেলার মধ্যে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, ভোলা, পিরোজপুর, বরগুনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, জয়পুরহাটসহ দেশের ৬১টি জেলা পরিষদ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে