টিআইবির
প্রতিবেদন শুধু পেপার কাটিংয়ের মাধ্যমে হয়ে থাকে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা নিজেরা কোনো ঘটনা তদন্ত করে না। সেহেতু এ বিষয়ে কোনো
মন্তব্য করতে চাই না।
সোমবার (৮ জুন) ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, টিআইবি কোনো সরকারি সংস্থা নয়। প্রকৃত অপরাধচিত্র জানতে হলে পুলিশ বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য দেখতে হবে। প্রকৃত ঘটনা বিবেচনা না করে এমন প্রতিবেদন দেওয়া ঠিক নয়। তবে সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে। এসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়।
রোববার প্রকাশিত টিআইবি গবেষণা প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হতাকাণ্ড ঘটেছে। এর বাইরে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২০৯ জন নারী ও শিশু।
মন্ত্রী জানান, সরকারিভাবে মাস ভিত্তিতে অপরাধের স্টেটমেন্ট করা হয়। ডাকাতি, খুন, হত্যা ও ধর্ষণের মতো অপরাধ তালিকাভুক্ত করা হয়। কয়েকদিন আগে আরেকটি রিপোর্ট নিজের কাছে এসেছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে দেখেছি ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র বর্তমান সরকারের সময়ে অনেক বেশি উন্নতি লাভ করেছে। অনেক অপরাধ কম।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে