রাজশাহী নগরীর খরবোনা এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট করা হয়েছে। সেই সঙ্গে বাড়ির লোকজনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রোববার (৭ জুন ) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে বিষয়টি জানা গেছে। সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা আলহাজ্ব মো. আনারুল ভান্ডারী|
সংবাদ সম্মেলন থেকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়| সংবাদ সম্মেলনে আনারুল ভান্ডারী বলেন, গত ৩১ মে রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় শাকিল আহমেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন তার বসতবাড়িতে হামলা চালায়| এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে| এরপর একই রাতে প্রায় ৩টার দিকে বাড়ির দোতলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকাডাকি ও ভয়ভীতি প্রদর্শন করে অভিযুক্তরা| এ সময় পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়|
সংবাদ সম্মেলনে আনারুল ভান্ডারী জানান, ঘটনার আগে একই রাতে তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়| পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়|
রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনারের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টিও আকর্ষণ করেন ভুক্তভোগী|
বক্তব্য জানতে অভিযুক্ত শাকিল আহমেদ আলী বা তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি| বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে| তবে সে আত্মগোপনে থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না| স্থানীয়রা সহযোগীতা করলে তাদের গ্রেফতারে সুবিধা হয়| তাই স্থানীয়দের সহযোগীতা কামনা করেন ওসি|
বিডি২৪অনলাইন/সি/এমকে