সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করবে না সরকার

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৬


ঈদযাত্রায় সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন সহ্য করবে না সরকার। যাত্রীরা সরাসরি পরিবহনের নাম উল্লেখ করে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৬ মে) রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তার বক্তব্য থেকেই বিষয়টি জানা গেছে।

প্রতিটি কাউন্টারে ও বাসে নির্ধারিত ভাড়ার স্টিকার ও তালিকা লাগানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় নির্ধারিত সময়ে ভালোভাবে বাড়ি যেতে পারছেন যাত্রীরা  এ নিয়ে মোবাইল কোর্টও কাজ করছে।

তিনি আরও বলেন, অনেক যাত্রী অগ্রিম টিকিট না কাটায় ভোগান্তিতে পড়ছেন।  অনেক ক্ষেত্রে যাত্রীদের অসচেতনতার সুযোগ নিয়ে চালক বা সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায় করছে। তিনি বলেন, আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। কেউ ভাড়া বেশি নিয়ে থাকলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের মনিটরিংয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, বিপুলসংখ্যক মানুষ পণ্যবাহী ট্রাকে যাতায়াত করছে। এসব ট্রাক থামাতে গেলে অনেক সময় মহাসড়কে যানজট তৈরি হয়। নাগরিকদের সচেতন না হলে সড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর