দেশের ১১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এদিকে সারা দেশেই ভ্যাপসা গরমে বেড়েছে মানুষের দুর্ভোগ। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টিপাত না হলে তাপমাত্রা ও ভ্যাপসা গরম কমার সম্ভাবনা খুবই কম।
বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে বলেন, মৌসুমি বায়ু দেশে প্রবেশের আগে সাধারণত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। এ সময় বাতাস ভারী ও আর্দ্র অনুভূত হয়। এতে গরমের তীব্রতাও বেশি লাগে। বঙ্গোপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস দেশের ভেতরে প্রবেশ করতে শুরু করলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। এতে ঘাম বেশি হয়, অস্বস্তিকর গরম লাগে। লাগাতার বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের এ অনুভূতি থাকবে বলেও জানান তিনি।
এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে