ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজেসহ আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুলছেন দেশে কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেছেন- সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। মাথা উঁচু করে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব।
দেশে
আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্রত্যাবর্তন প্রসঙ্গে
শেখ হাসিনা জানান,বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে।
কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এ নিষেধাজ্ঞাকে স্থায়ী
মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে পরামর্শ দিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।
দেশে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতা কর্মী রয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখনও আমার ছাত্র লীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতা-কর্মীরা সরব।
আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে দাবি করে তিনি বলেন, আমাদের ফিরে আসা অনিবার্য। শুধু কিছু সময়ের ব্যাপার। আরও সংগঠিত হয়ে, শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে।
আওয়ামী লীগের বহু নেতা-কর্মী দেশের বাইরে থাকা প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, কেউ স্বেচ্ছায় দেশত্যাগ করেননি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশত্যাগে বাধ্য হয়েছেন। তার মতে, আওয়ামী লীগের ছ'শোর বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। দেড় লাখ নেতা কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় দেশের বাইরে অবস্থানকারীরা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন। সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই তারা ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যাঁরা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বলে জানান শেখ হাসিনা।
সূত্র: আনন্দবাজার