সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬


রাজধানী ঢাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তাও। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)কন্ট্রোল রুম থেকে এ বিষয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় পাঠানো হয়েছে বিশেষ বার্তা।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে বিশেষ বার্তায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হতে পারে। তাই অপরাধমূলক অবৈধ কার্যক্রম প্রতিহতে  পুলিশ সর্বোচ্চ সতর্ক  থাকার সিদ্ধান্ত হয়েছে। এদিকে শনিবার ভোর রাতে ঢাকায় ঢাকা-ময়মনসিংহ রোডের বনানী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লিফলেটসহ আশিক তপেদার (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন,  কোনো ধরনের হুমকি নেই। তবে সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। সব অপরাধীকে প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ। যে কোনো অপরাধীর অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই বিভিন্ন কার্যক্রম চলছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর