সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ২৫ বছরেও যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব বিদ্যালয়ের তালিকা চাওয়া হয়েছে। এ বিষয়ে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাকে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার (১৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, যেসব বিদ্যালয় ভবন অতি পুরোনো, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, ভবনের কলাম, বীম বা ছাদে ফাটল দেখা দিয়েছে, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাস্টার খসে রড বেরিয়ে পড়েছে- এসব ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। কমিটি কর্তৃক পরিত্যক্ত ঘোষিত ভবনও এ তালিকায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া যেসব বিদ্যালয়ে আলাদা টিনশেড ঘর বা অস্থায়ী টিনশেড কক্ষ রয়েছে, সেগুলোও নতুন ভবন নির্মাণের জন্য রিপ্লেসমেন্ট হিসেবে বিবেচিত হবে।
আগামী ২৪ মের মধ্যে এ সংক্রান্ত তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে