গণঅভ্যুত্থান
পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই করা হবে।
বুধবার (৬ মে) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে। এসব মামলা গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীর বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলা। ডিসি কাছে তালিকা চাওয়া হয়েছে, জেলাওয়ারি কতগুলো মামলা হয়েছে। এগুলো রিমোট জেলায় হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে একটু বেশি। যাচাই-বাছাই করে দেখা হবে।
মামলা যাচাইয়ের কারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক মামলায় হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। যাচাই-বাছাইয়ে দেখা হবে প্রকৃত আসামি কারা। স্বল্প সময়ের ভেতরে সেটি যেন নিষ্পত্তি করা যায়, সেজন্য তদন্ত কর্মকর্তারা সেটা তদন্ত করে দেখবেন। যাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নিষ্কৃতির ব্যাপারে সুপারিশ করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনিভাবে নিষ্পন্ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে