দেশের কোথাও লোডশেডিং নেই। কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। জ্বালানি তেল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগে কৃত্রিম সংকট দেখিয়ে দেশে জ্বালানি সংকট তৈরি করা হয়েছিল। যারা ডিজেল চুরি এবং এ কৃত্রিম সংকটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সুত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত টানা এক সপ্তাহ দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এ কারণে কোথাও লোডশেডিং হয়নি। ছোট কিছু বিদ্যুৎকেন্দ্রে সমস্যার কারণে আগে উৎপাদনে ঘাটতি ছিল, তবে বর্তমানে সেই সমস্যা নেই। সামনের দিনগুলোতেও শূন্য লোডশেডিং ধরে রাখার চেষ্টা চলছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে