স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বছরের শেষ দিকে

নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬

চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হবে। স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ হতে নির্বাচন শুরুর পর ১০ মাস থেকে এক বছর লাগবে। নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা পরিষদ বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেয়নি। মঙ্গলবার ( মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

বর্তমান সরকারের কর্মকাণ্ড জানাতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন  তথ্য উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, এমপিদের অফিস দেওয়ায় উপজেলাকে খর্ব করা হচ্ছে- বিষয়টি সেরকম নয়। উপজেলা পরিষদ আইনের ধারা ২৫ অনুযায়ী উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে আইনগতভাবে রয়েছেন একজন সংসদ সদস্য। যদি তিনি আইনগতভাবে থাকেন, তাহলে কেউ বলতে পারেন এটি থাকা উচিত কি না- উপদেষ্টা থাকা- এটি একটি ভিন্ন বিতর্ক। কিন্তু অফিস দেওয়ার মাধ্যমে বিষয়টি নতুন করে খারাপ করা হয়েছে- এমনটা নয়।  একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তাই উপজেলা পরিষদে তার একটি অফিস থাকা স্বাভাবিক।

 

এদিকে একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিগত সময়ে স্থানীয় সরকার ব্যবস্থায় যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর