দুর্নীতি ঠেকাতে সিসিটিভি ক্যামেরা বসাতে রুল

নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৬

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা এবং পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের নির্দেশনা বিষয়ে রুল জারি হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার (৪ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ রুল দেন।

দেশের সব সাব-রেজিস্ট্রার অফিসে অবিলম্বে এইচডি সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনে পদক্ষেপ না নেওয়া কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না সেটা জানতে চাওয়া হয়েছে রুলে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন সরোয়ার জনস্বার্থে এ রিট করেন।  সেবা কার্যক্রমের ডিজিটালাইজেশন তদারকিতে একটি বিশেষ কমিটি গঠন এবং সব সাব-রেজিস্ট্রি অফিসে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর