অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রদত্ত পুলিশের নতুন পোশাক মানানসই নয়। তাই শার্ট আগের মতোই রেখে প্যান্টের ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। শার্ট মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারা দেশে নীল। প্যান্ট থাকবে খাকি রঙের। বর্তমানে বাহিনীর জন্য নির্ধারিত পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে আপত্তি ছিল। এ বিষয়ে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৪ মে) ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আরও জানান, একটি ঐতিহ্যবাহী ড্রেস যেন দেওয়া যায় সেটাও বিবেচনা করেছে সরকার।
৫ আগস্টের পর বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটা আদালতের বিষয়। তারা যেহেতু আগে অপরাধী হিসেবে চিহ্নিত, সেহেতু তারা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে গেলে আইনের ভেতর দিয়ে যেতে হয়। শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে তদন্ত করে দেখছে পুলিশ। যারাই হত্যাকাণ্ড বা অপরাধারের সঙ্গে জড়িত, তারা আইনের আওতায় আসবে।
মন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জনগণকে স্বস্তি দিতে কাজ করছে সরকার। এ জন্য কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে