জাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬’পাস হয়েছে । এ ক্ষেত্রে বিরোধী দল আপত্তি জানালেও সরকারি দলের সদস্যদের কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদের ২৫তম অধিবেশনে বিল দুইটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিদ্যমান আইনে কোনও ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের অযোগ্য হিসেবে গণ্য করা হয়। সদ্য পাস করা বিলে এ বিধানটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছিল। অপরদিকে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ) আইনে বলা আছে, ৬৭ বছর বয়স পূর্ণ হলে কোনও ব্যক্তি বীমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। এ সংক্রান্ত বিলটিতে এ বিধানও বাতিলের প্রস্তাব করা হয়েছিল।
দুটি বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা হয়- অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নিয়োগ দেওয়ার লক্ষ্যে সময়োপযোগী করা প্রয়োজন এ সংক্রান্ত আইন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে