বজ্রপাত থেকে বাঁচতে কী করবেন

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬

আকাশে ঘন কালো মেঘ জমা বা বজ্রধ্বনি শোনা মাত্রই ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বজ্রধ্বনি শুনলেই ঘরে আশ্রয় নিতে হবে। অন্যদিকে বাইরে অবস্থান করলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি। মাটিতে শুয়ে পড়া, গাছের নিচে বা ধাতব ছাউনির নিচে দাঁড়ানো অত্যন্ত বিপজ্জনক। বজ্রধ্বনি শোনা মানেই বজ্রপাতের ঝুঁকির মধ্যে থাকা। তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) জারি করা এক সতর্কবার্তায় দেশের মানুষকে এ পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় সংস্থাটি আরও জানায়, বজ্রধ্বনি শোনা গেলে শিশুদেরসহ পরিবারের সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে। খোলা মাঠে খেলাধুলা, ঘুড়ি ওড়ানো বা দলবদ্ধভাবে বাইরে থাকা থেকে বিরত থাকতে হেবে।  তাছাড়া বাড়ির ভেতরে অবস্থানকালে দরজা-জানালা বন্ধ রাখতে হবে। জানালার গ্রিল বা অন্য কোনো ধাতব অংশ স্পর্শ না করা এবং শিলা কুড়াতে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

অন্যদিকে বজ্রপাতের সময় নদী, হাওর বা জলাশয়ে নেমে মাছ ধরা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বৈদ্যুতিক লাইন, ধাতব বস্তু সংযুক্ত যন্ত্রপাতি স্পর্শ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর