নতুন ভোটার নিবন্ধনে লাগবে এসএসসি সার্টিফিকেট

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬

দেশে নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে মাধ্যমিক বা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা সম্পন্নদের আবেদনের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলকভাবে ডাটাবেজে সংযুক্ত করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে নিয়মিত অফিস পরিদর্শন নমুনাভিত্তিক তদারকির মাধ্যমে কার্যক্রম নিশ্চিত করতে বলা হয়েছে সিনিয়র জেলা, জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় জন্ম সনদ, এসএসসি বা সমমান সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট এবং আবেদনকারীর স্বাক্ষরিত প্রুফ কপি সংযুক্ত করতে হয়। বিশেষ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ক্ষেত্রে জন্মতারিখ যাচাইয়ের জন্য এসব সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সাম্প্রতিক দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি হলেও সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে সংযুক্ত করছে না। এতে পরবর্তীতে তথ্য সংশোধনের সময় জটিলতা তৈরি হচ্ছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যার মুখে পড়ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশন একাধিক নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে- নিবন্ধনের সময় আবেদনকারী মাধ্যমিক বা তার ঊর্ধ্বে পাস হলে এসএসসি বা সমমানের সনদ (জন্মতারিখসহ) অবশ্যই ডাটাবেজে সংযুক্ত করতে হবে। আবেদনকারী উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল বা পিএইচডি ডিগ্রিধারী হলেও তার এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্র হার্ড কপি আকারে সংরক্ষণ করতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর