পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি- ইউরেনিয়াম লোডের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের দেশে প্রবেশ করল এবং এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারকারী দেশ বাংলাদেশ।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি লোডিং পরবর্তী তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। শুরুতে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উৎপাদন পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে প্রায় ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে। এ কেন্দ্রের মোট দুটি ইউনিট থেকে সব মিলে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে