এখন থেকে বিনা পয়সায় আইনজীবী সেবা পাবেন অর্থাভাবে আদালতে যেতে না পারা হয়রানির শিকার সাধারণ মানুষ। হটলাইনে যোগাযোগ করলেই পাওয়া যাবে আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় আইনি সহায়তা।
হয়রানির শিকার হলেও অর্থাভাবে আদালতে যেতে না পারা মানুষের জন্য ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু করেছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে এ কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে দেওয়া সেবার সমাধান আদালতের সমপর্যায়ের হবে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, ভুক্তভোগীরা এখন থেকে বিনা পয়সায় আইনজীবী সেবা পাবেন এবং এর সব খরচ বহন করবে সরকার। তিনি বলেন, মামলা করতে গিয়ে মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এ উদ্যোগের মাধ্যমে সেই ভোগান্তি ও ব্যয় কমবে। মিথ্যা মামলার প্রবণতা থেকে বের হয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি উল্লেখ করে আইনমন্ত্রী জানান, মামলার জট কমাতে লিগ্যাল এইড কর্মসূচির আওতায় ছোটখাটো বিরোধ মীমাংসায় মিডিয়েশন ব্যবস্থা রাখা হয়েছে। এতে আদালতের বাইরে সমাধানের সুযোগ তৈরি হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে