চলতি বছরে আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। রোববার (২৬ এপ্রিল) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম আগামী মঙ্গলবার শুরু হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আগস্টে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
মন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং শুরু করার পরিকল্পনা সরকারের রয়েছে। ২০২৭ সালের সেপ্টেম্বর নাগাদ দুই ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে