জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জনসাধারণের স্থাপনায় হামলার আশঙ্কা রয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। তবে নিরাপত্তার কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।
সতর্কবার্তাটি সিআইডি, এসবি, সিটিটিসি এবং দেশের সব পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। সতর্কবার্তায় সংশ্লিষ্ট সব ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগে পাওয়া সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জাতীয় সংসদ, গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এ বিষয়ে নিয়মিত যোগাযোগ করছে। ধারণা করা হচ্ছে, সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে তারা।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে। এ ধরনের সতর্কতা নিয়মিত প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হলেও উগ্রবাদী হুমকির বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার প্রয়োজনীয়তা নির্দেশ করে এটা।
ওদিকে সম্ভাব্য নাশকতার এ পরিকল্পনা নিয়ে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন।
শনিবার (২৫ এপ্রিল) এ বিষয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছেন সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন। এতে বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ জনাকীর্ণ এলাকায় বোমা বিস্ফোরণ বা দেশীয় অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা চালানোর মতো ভয়াবহ ছকও তাদের থাকতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
প্রাপ্ত তথ্যমতে, উগ্রবাদী এই গোষ্ঠীর সদস্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্র করছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশ সদর দপ্তর থেকে এক চিঠিতে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। যেন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জনসমাগমস্থল ও বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তি পুলিশি পাহারা নিশ্চিত করতে বলা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে