রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমাতে এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে রাজধানীতে প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং চালু করা হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গতকাল বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ মেগাওয়াটের কিছু বেশি। ফলে প্রায় ২ হাজার মেগাওয়াট ঘাটতি মোকাবিলায় লোডশেডিং করতে হচ্ছে।
ফসল কাটার মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহের নির্দেশ দিয়েছেন বলে সংসদে জানান প্রতিমন্ত্রী। বলেন, সেই নির্দেশনা বাস্তবায়নে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী সংসদকে জানান, দেশের একটি আমদানিনির্ভর ও একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে। সরবরাহে এর প্রভাব পড়েছে। এগুলো উৎপাদনে ফিরলে আগামী ৭ দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত সহনীয় পর্যায়ে আনাতে কাজ করছে সরকার। সাময়িক ভোগান্তির জন্য জনগণের কাছে এ সময় দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে