জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন সামগ্রী কেনাকাটার ঘটনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ কেনাকাটায় ‘হরিলুট’ ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
জাতীয় সংসদের স্পিকারের নির্দেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে (নিজাম)। কমিটির অন্য সদস্যরা হলেন- ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখার জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, গত ১৯ এপ্রিল একটি দৈনিকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, সেটা তদন্ত করে প্রতিবেদন দিতে এ কমিটি গঠন করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে