দেশের পদ্মা অববাহিকার বিশাল কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে বাঁচাতে ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’হাতে নেওয়া হয়েছে। ২০২৬ সাল থেকে ২০৩৩ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মন্ত্রী জানান, প্রকল্পটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চল দেশের মোট আয়তনের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত। এখানে প্রায় সাড়ে ৬ কোটি মানুষের বসবাস।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে প্রকল্পটি প্রণয়নের উদ্দেশ্যে মোট চারটি সমীক্ষা পরিচালিত হয়। পরবর্তীতে ২০০২ সালে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়। ২০০৪ সালে ৪৫ কোটি টাকা ব্যয়ে একটি বিস্তারিত সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়। এটা ২০১৩ সালে সম্পন্ন হওয়ার পর প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা চূড়ান্ত করা হয়।
তিনি সংসদকে জানান, পানিসম্পদ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই প্রকল্পের ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে