রাজবাড়ীসহ পেঁয়াজ ও রসুন অধিক উৎপাদনশীল এলাকায় মোট ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এ সংক্রান্ত প্রকল্প বর্তমানে পর্যালোচনার জন্য কৃষি মন্ত্রণালয় রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) প্রশ্নোত্তর পর্বে জাতীয় সংসদকে এ কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি সংসদকে জানান, কৃষক পর্যায়ে এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ রসুন সংরক্ষণের লক্ষ্যে বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিতরণ কার্যক্রম উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণে ইতোমধ্যে কৃষক পর্যায়ে প্রকল্প প্রণোদনার মাধ্যমে পাংসা উপজেলায় ৫০৫টি, কালুখালি উপজেলায় ২৬০টি এবং বালিয়াকান্দি উপজেলায় ৪৯৫টি এয়ার-ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়- এ পেঁয়াজ শুধু সঠিক সংরক্ষণ করতে না পারায় ২৫ থেকে ৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। শুধু অপচয়টা রোধ করা গেলে পেঁয়াজে একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে দেশ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে