এখন থেকে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে সরকারি কর্মকর্তাদের সশরীরে যাতায়াতের পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে তাদের।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে যানবাহনের জ্বালানি সাশ্রয় করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা সংবলিত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থেকে শুরু করে সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের অপচয় কমানোর পাশাপাশি সরকারি কাজ নিরবচ্ছিন্ন রাখা জরুরি। এ লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ের অনুষ্ঠানে সশরীরে যাতায়াতের পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে কোনো সভার আয়োজন করা যাবে না। যানবাহনের জ্বালানি সাশ্রয় করাকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে প্রশাসনিক কাজে গতি বজায় রাখার পাশাপাশি সরকারি যানবাহনের জ্বালানি খরচ কমবে বলে আশা করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে