সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ কার্ডের মাধ্যমে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনসাধারণকে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদকে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে সংসদকে এ কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি করেন।
সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির কথাও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ১৬ মার্চ এ কর্মসূচি শুরু হয়েছে। আগামী জুন পর্যন্ত পানিসম্পদ, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন/পুনঃখনন করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ সময়ের মধ্যে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ) এর মাধ্যমে ১ হাজার ৫০০ কিমি খাল পুনঃখনন/সংস্কার করা হবে। আগামী ৫ বছরে সর্বমোট ২০হাজার কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃখনন করার লক্ষ্য রয়েছে সরকারের।
চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে বলেও সংসদকে জানান তারেক রহমান। তিনি বলেন, বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিকায়নে আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই ফাই’ চালু করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে