বর্তমান সরকার একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ক্ষেত্রে ইইউ প্রয়োজনীয় পরামর্শ পরিষেবা দিয়ে সহায়তা করতে পারে।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে।
এ দিকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের একটি পরীক্ষিত ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমান সরকারের মেয়াদে দুই পক্ষের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার ও প্রসারিত করতে চায় ইইউ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে