দেশের সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ মোট ৯টি ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় কমানো হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি হয়েছে। এ পরিপত্র সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ সৃষ্ট বৈশ্বিক সংকট সামলাতে এ সিদ্ধান্ত হয়েছে।
গত ২ এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে এ পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারের পরিচালন ব্যয় কমাতে যেসব নির্দেশনা বহাল থাকবে, তার মধ্যে রয়েছে- সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানো। সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ। প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানো। এছাড়া সভা বা সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সেমিনার বা কনফারেন্স ব্যয় ২০ শতাংশ কমাতে হবে। ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে। সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ কমাতে হবে। সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে। ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ কমাতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে