অধিকতর যাচাই-বাছাই শেষে ১৬ অধ্যাদেশ বিষয়ে সিদ্ধান্ত হবে

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬

মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ ১৬টি অধ্যাদেশের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। এসব অধ্যাদেশ নিয়ে কোনো অস্পষ্টতা কোনো অস্বচ্ছতা নেই।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব অধ্যাদেশ জারি করা হয়।

আইনমন্ত্রী বলেন, ১১০টি অধ্যাদেশকে বিল আকারে সংসদে আনতে হয়েছে।  এগুলো ৯১টি বিলের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং সংসদে পাশ হয়েছে।  সরকারের পক্ষ থেকে প্রণীত এসব আইনের ক্ষেত্রে কোনো ধরনের অস্বচ্ছতা রাখা হয়নি। যেসব অধ্যাদেশে আরও পর্যালোচনার প্রয়োজন, সেগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রী জানান, ৯৭টি অধ্যাদেশ হুবহু পাস করা হয়েছে। ১৩টি অধ্যাদেশ সংশোধন করে পাস করা হয়েছে। ৭টি অধ্যাদেশ রহিতকরণ-সংক্রান্ত বিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি।

তিনি জানান, সংসদের মাধ্যমে বিল উপস্থাপন করা মানেই সেটি আইনে পরিণত হয়। এমনকি রহিতকরণ বিলও আইনের অংশ হয়ে যায়, যেখানে পরবর্তী যাচাই-বাছাইয়ের প্রতিশ্রুতি থাকে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর