দেশের প্রত্যেক উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা করছে সরকার। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে এ তথ্য জানা গেছে।
সংসদকে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের বিষয়টি বর্তমান নীতিমালা এবং প্রয়োজনীয় আর্থিক সংস্থান বিবেচনা করে পর্যায়ক্রমে উদ্যোগ গ্রহণ করা হবে। নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে তার সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নারী শিক্ষার সমান সুযোগ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের এ পদক্ষেপ তৃণমূল পর্যায়ে নারী শিক্ষার হারে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে