দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর বাইরে সামগ্রিকভাবে সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তনশীলতা বজায় থাকতে পারে। বুধবার (৮ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ওদিকে শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরের দিন শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রোববার সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে