জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়েছে। এ বিল পাসের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল থাকছে দেশে।
জাতীয় সংসদের চলমান অধিবেশনে বুধবার (৮ এপ্রিল) বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলটি পাস হওয়ায় এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটি অধ্যাদেশ জারি করা হয়। পরে দেশে নতুন সরকার গঠিত হলে সেই অধ্যাদেশ সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বিশেষ সংসদীয় কমিটি।
২০২৫ সালের মে মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। গত ১১ মে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনে জারি করা অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। কিন্তু তখন সংসদ কার্যকর ছিল না। তাই আইন অধিকতর সংশোধন করে আশু ব্যবস্থা নিতে সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। পরে সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে