সরকারি টাকায় বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশ নেওয়া বন্ধ থাকবে। সেই সঙ্গে যানবাহন কেনাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ব্যয় সংকোচনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে।
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে একাধিক খাতে ব্যয় কমানো ও স্থগিতের নির্দেশনা দিয়ে রোববার (৫ এপ্রিল) একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
পরিপত্রে আরও বলা হয়েছে, আপ্যায়ন ব্যয়ে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং মন্ত্রণালয় বা দপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত অভ্যন্তরীণ প্রশিক্ষণে সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। এ ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এ সীমাবদ্ধতার বাইরে থাকবে।
অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ হয়েছে। এসব খাতে অবশিষ্ট বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয় করা যাবে। এর বেশি ব্যয় করলে অতিরিক্ত অর্থ আগামীতে দাবি করা যাবে না। সেমিনার ও কনফারেন্স ব্যয়ে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ব্যয়ের সুযোগ রাখা হলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানের আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশের মধ্যে সীমিত রাখতে বলা হয়েছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে