অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর না হওয়ার পেছনে মূলত দুটি কারণ কাজ করছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, একটি কারণ আমলাতন্ত্র ও আরেকটি কারণ রাজনৈতিক প্রভাব। বর্তমানে অধ্যাদেশ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মূলত অভ্যন্তরীণ প্রতিরোধের ফল। এর উৎস রাজনৈতিক অঙ্গন। এ প্রক্রিয়ায় আমলাতন্ত্রের ওপরও নির্ভরতা রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ঢাকায় টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ড. ইফতেখারুজ্জামান জানান, অধ্যাদেশ বাতিলের পক্ষে যেসব যুক্তি তুলে ধরা হচ্ছে, তার অনেকটাই এসেছে আমলাতন্ত্র থেকে। এতে প্রমাণ হয়, এখনো দেশের নীতিনির্ধারণে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে দ্রুত দুদকের নতুন অধ্যাদেশ সংশোধন ও নতুন কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে পুলিশ কমিশন অধ্যাদেশ ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে টিআইবি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে