ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। তার আগে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। এ বৈঠকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন পাশাপাশি নির্বাচনী মামলা, ইভিএমের ভবিষ্যৎ এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
ইসি সচিব জানান, আগামী ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। মনোনয়নপত্র দাখিল ও অন্যান্য ধাপগুলোর বিস্তারিত সময়সূচি তফসিল ঘোষণার দিন জানানো হবে।
এদকি স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন সচিব জানান, এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত এখনো হয়নি। ইভিএম কেনাকাটায় আর্থিক অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রসঙ্গে বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), অডিট ডিপার্টমেন্ট এবং একটি তদন্ত কমিটি এ বিষয়গুলো খতিয়ে দেখছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে