দেশের অন্তত ২৭ জেলায় ইতোমধ্যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। চৈত্রের গরমে হাঁসফাঁস করছে দেশের মানুষ। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, রোববার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে দেশে। এতে সাময়িকভাবে তাপমাত্রা কমতে পারে। এদিকে চলতি মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ ও কয়েক দফা মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া সংশ্লিষ্টরা।
তাপপ্রবাহে আক্রান্ত জেলার মধ্যে রয়েছে- রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী।
আবহাওয়া অধিদপ্তরের তাপমাত্রা সংক্রান্ত মানদণ্ড অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। এর পরেই ছিল রাজশাহী, ৩৯ দশমিক ৫ ডিগ্রি। রাজধানী ঢাকাতে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এপ্রিল মাসে সাধারণত গড়ে ৯টি বজ্রঝড় হয়। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী হতে পারে। সাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ লঘুচাপের মধ্যে থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে