জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইবুনালের ই-মেইলে চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি। এমন একটি খবর বিদেশি গণমাধ্যমে প্রকাশের পর এ বিষয়ে চিফ প্রসিকিউটরের দৃষ্টি আকষণ করেন সাংবাদিকরা।
চিফ প্রসিকিউটর জানান, আমাদের কাছে এ ধরনের কোনো চিঠি আসেনি। এ বিষয়ে আমরা নিজেরাও কিছু জানি না। আপনাদের মাধ্যমেই জানতে পারছি, কিংসলে ন্যাপলে নামে একটি প্রতিষ্ঠান এমন কোনো চিঠি দিয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারো এমন চিঠি দেওয়ার সুযোগ থাকা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, কোনো সুযোগই নেই। একেবারেই নেই। এ ধরনের কার্যক্রম আদালত অবমাননা শামিল হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে