দেশের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা রুখতে মজুতদারদের বিরুদ্ধে বা অবৈধভাবে জ্বালানি মজুত করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সার্বিক জ্বালানির পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। ঢাকায় সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
জ্বালানি মুখপাত্র জানান, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের সংকট নেই। বর্তমানে দেশের জ্বালানি আমদানি ও পরিশোধন কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বৈশ্বিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কিছু সরবরাহ চুক্তি ‘ফোর্স মেজর’-এর আওতায় পড়লেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মনির হোসেন চৌধুরী।
তিনি আরও জানান, এসব ক্ষেত্রে এরইমধ্যে ইতিবাচক অগ্রগতি রয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে দ্রুত সরবরাহ শুরু হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে