দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে।
রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এ রিট করেন।
রিটে হামে শিশু মৃত্যুর ঘটনায় আদালতের কাছে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। এ প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা, গৃহীত পদক্ষেপ উল্লেখ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি ও প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ নির্ধারণে একটি পূর্ণাঙ্গ, স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি টিকাদানে কেন সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি তার ব্যাখ্যা এবং সেই তদন্তের ফলাফল আদালতে উপস্থাপন করার কথা উল্লেখ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে