দেশে প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত খুব দ্রুতই কার্যকর হতে যাচ্ছে। এ সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
মিটার চার্জ প্রত্যাহারের বিষয়টি রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরে এক ধরণের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বর্তমানে প্রিপেইড মিটারের প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে 'মিটার ভাড়া' হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা গুনতে হয়। এ ক্ষেত্রে গ্রাহকদের অসন্তোষের কারণ হচ্ছে- মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এমন চার্জ কেন নেওয়া হচ্ছে। এ চার্জ বাতিলের দাবিতে অনেকদিন ধরেই সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠন আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। এমন পরিস্থিতিতে মিটার চার্জ প্রত্যাহারের কথা জানালেন মন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে