বর্তমানের পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক পুলিশ বাহিনী যেন পায়, সে জন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব আমরা।
শনিবার (২৮ মার্চ) ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমিতে এ অনুষ্ঠান হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের স্বস্তি প্রদান ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা বর্তমান সরকার প্রধানের অগ্রাধিকার। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমান্বয়ে পুলিশ আজকের এ পর্যায়ে উন্নীত হয়েছে। সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ জনগণের অকৃত্রিম বন্ধু।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে